নিউজ ডেস্ক: চুরির অপবাদে মমিনুল ইসলাম নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনকারী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম নির্যাতনকারীকে আটকের খবর নিশ্চিত করেন।
ওই কিশোরকে নির্যাতনের কিছু স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নির্যাতনের শিকার কিশোর শহরের চাঁদনি বাজার এলাকার বাসিন্ধা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শহরের মিশন মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগে কিশোর মমিনুল ইসলামকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল ঘটনাস্থলে এসে তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ওই কিশোর নিজেকে বাঁচাতে আশরাফ আলীর পা ধরে ক্ষমা চাইলেও তিনি তাকে পিটাতে থাকেন। মারধরের এক পর্যায়ে স্থানীয়দের অনুরোধে ওই কিশোরকে ছেড়ে দেন তিনি।
পরে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে নির্যাতনের স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং তা দৃষ্টিগোচর হলে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে শহরের মিশন মোড়ের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।
বার্তা কক্ষ 







