নিউজ ডেস্ক।। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজিজুর রহমানের ভাতিজা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে সাবেক গণপরিষদ সদস্য ও দুইবারের সংসদ সদস্য আজিজুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানার পর তার নির্দেশে তাৎক্ষণিক বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ওইদিন রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
১৩ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার গভীর রাতে তিনি মারা যান। নির্মোহ আজিজুর রহমান পারিবারিক জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, ভাতিজা, ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে ২৭ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হওয়া আজিজুর রহমান ১৯৮৬ ও ৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করা আজিজুর রহমান ১৯৯১ সালে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি একাধিকবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এই বর্ষিয়ান রাজনীতিক স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য এ বছর স্বাধীনতা পদকে ভূষিত হন।
বার্তা কক্ষ 








