সোহেল আহমেদ: বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক নেছার উদ্দিন মো. জাফরের নাম এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। খেলাধুলা ও রাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতাকে নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে।
এক সময়ের উদীয়মান ক্রিকেটার নেছার উদ্দিন জাফর মাঠে ব্যাটে-বলে যেমন সাফল্যের পরিচয় দিয়েছেন, তেমনি রাজনৈতিক অঙ্গনেও নীতি-আদর্শ ও সততার কারণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। শুধু রাজনীতি নয়, গত কয়েক বছরে বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তৃণমূল কর্মী-সমর্থকদের একত্র করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। তবে নিজের প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন জাফর সরাসরি কিছু না বলে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধানসিঁড়ি নিউজ-কে বলেন,
“আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। স্বৈরাচার সরকারের আমলে অনেকে যখন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আতাত করে ঘরে বসে পেটনীতি করেছে, তখন আমরা কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথের সামনের সারিতে ছিলাম। তাই কাশিপুরের জনগণ আমাকে নিয়ে প্রত্যাশা করতেই পারে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নেছার উদ্দিন জাফর বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের মগরপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা মরহুম গাজী মইনুদ্দিন আহমেদ ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা। বাবার সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির প্রতি আকৃষ্ট হন নেছার উদ্দিন জাফর। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এই তরুণ নেতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, নিজ উদ্যোগে ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া এবং সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন।
সূত্র জানায়, ২০১৪ ও ২০১৮ সালের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি একাধিকবার গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রামের সেই সময়ের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই তৃণমূল মানুষের কাছে পরিচিতি ও আস্থা তৈরি হয় তার।
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে নেছার উদ্দিন জাফর বলেন,
“মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। শত জেল-জুলুমের মধ্যেও তিনি দেশে অবস্থান করেছেন। আমরা জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী ও সাধারণ জনগণ তার সেই ভালোবাসার মর্যাদা রাখতে চাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেছার উদ্দিন জাফরকে ঘিরে কাশিপুর ইউনিয়নে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।
খেলার মাঠ থেকে রাজপথ—তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা
কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক নেছার উদ্দিন জাফর
-
মোঃ সাইফুল ইসলাম - আপডেট সময় : 09:43:14 pm, Sunday, 15 March 2026
- 404 বার পড়া হয়েছে












