স্টাফ রিপোর্টার: “চিন্তায় মননে মুক্তিযুদ্ধ” এই শ্লোগান সামনে রেখে বিজয়ের মাসের প্রথম দিনের প্রথম অংশে খেলাঘর জেলা কমিটির আয়োজনে বরিশালের ১০টি শাখা আসরের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো খেলাঘর আন্ত:আসর দেয়ালিকা উৎসব প্রতিযোগিতা- ২০২০।

আজ ০১ ডিসেম্বর, মঙ্গলবার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল -এ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গনের শহিদ বেদীতে সকাল নয়টায় পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

খেলাঘর জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ -এর সভাপতিত্বে অনুষ্ঠানটি দুইটি অংশে বিভক্ত করা হয়। প্রথম অংশে উদ্বোধন ও আলোচনা সভা এবং দ্বিতীয় অংশে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম খান, মাননীয় সচিব, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও বিশেষ অতিথি ছিলেন প্রফেস মাহফুজা খানম, চেয়ারপারসন, খেলাঘর কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ঢাকা থেকে ভার্চুয়ালে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই সংকটকালীন সময়েও বিজয়ের মাসের প্রথম দিনে খেলাঘর এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় অতিথিবৃন্দ আয়োজকদের অভিনন্দন জানান এবং খেলাঘর আন্দোলনকে গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিতীয় অংশের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস. এম. অজিয়র রহমান। প্রধান অতিথি তাঁর শিশুতোষ মনোভাব প্রকাশ করে বলেন, “স্বল্প পরিসরে হলেও খেলাঘর জেলা কমিটির আয়োজনে শিশুদের এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমি শিশুদের সকল সংগঠন বিশেষ করে খেলাঘরকে আন্তরিকভাবে ভালোবাসি এবং শিশুদের সুন্দর জীবন গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।” খেলাঘর জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ খেলাঘরের জন্য মাথার উপরে একটি স্থায়ী আচ্ছাদান প্রাপ্তির আবেদন জানালে প্রধান অতিথি এস. এম. অজিয়র রহমান একটি স্থায়ী ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী খেলাঘর শাখা আসরের মাঝে পুস্কার বিতরণ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলী, খেলাঘর জেলা কমিটির নেতৃবৃন্দ, শাখা আসরের ভাই-বোন ও কর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্তা কক্ষ 








