বরিশালে আজ আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে দলটির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য ও দলের সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবীদ এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা ইসলাম মিতু।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক দাবিগুলোকে সামনে রেখে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বরিশাল বিভাগের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
এনসিপি নেতারা এ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল বিভাগে দলীয় কার্যক্রম আরও বিস্তৃত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোঃ সাইফুল ইসলাম 












