Photo collected
নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরের বসিকপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগম ও মেয়ে স্কুলছাত্রী সাদিয়া আক্তারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে মরিয়মের ডান হাতের কবজি, বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন ও মাথায় রক্তাক্ত জখম হয়। ধারাল অস্ত্রের কোপে সাদিয়ার মাথা ও ঘাড়ে রক্তাক্ত জখম হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে রাতেই লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি
আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বালাইশপুর গ্রামের দেওয়ান বাড়ির নবীউল্যা সৌদি প্রবাসী। তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে সাদিয়াকে নিয়ে স্ত্রী মরিয়ম বাড়িতে থাকেন।
ঘটনার সময় ঘরে ঢুকে সন্ত্রাসীরা মা-মেয়েকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময়ে তাদের ডাক- চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় আমানত উল্যা জানান, ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এসময় পাশের বাড়ির জাহিদ তাদেরকে কুপিয়েছে বলেই মরিয়ম অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, কে বা কারা, কি কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে।
সূত্র: কা/ক
বার্তা কক্ষ 








