বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সড়কে মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন ও ভবিষ্যৎ। ছেলের বিয়ে শেষে আত্মীয়-স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফবাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তার ছেলের বিয়ে শেষে পরিবারের প্রায় ১৫ সদস্যকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতরে তখনও ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মীয়-স্বজনের হাসি। কিন্তু মুহূর্তেই সেই আনন্দময় যাত্রা পরিণত হয় শোকের মিছিলে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম (৪২), তিন ছেলে—বর সাব্বির, ইমরান ও আলামিন, শ্যালিকার দুই মেয়ে পুতুল (২৩) ও ঐশী (২৮), কনে মার্জিয়া মিতু (২৫), কনের ছোট বোন লামিয়া (১২) এবং কনের নানী (৫৮)। এছাড়া দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নাঈম শেখ (৩৬) নিহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান।
যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবনের শুরু, সেই গাড়িই মুহূর্তের মধ্যে পরিণত হয় এক মর্মান্তিক বিদায়ের গাড়িতে। একসাথে নিভে যায় একটি পরিবারের অসংখ্য স্বপ্ন ও সম্ভাবনা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একই পরিবারের ১২ জন নিহত, আহত ১৫
-
মোঃ সাইফুল ইসলাম - আপডেট সময় : 05:43:18 am, Friday, 13 March 2026
- 165 বার পড়া হয়েছে












